নরসিংদী আদালত চত্বরে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। শিরীন শেলীর বক্তব্যের পর পাল্টা স্লোগানে সরগরম আদালত প্রাঙ্গণ।
নরসিংদী আদালত চত্বরে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে। এনসিপি নেত্রী অ্যাডভোকেট শিরীন শেলি আদালত প্রাঙ্গণে অভিযোগ করে বলেন, “আদালত এখন বিএনপি শাসিত হয়ে পড়েছে। জামিনের মতো মৌলিক অধিকার পেতে হলেও স্থানীয় এক বিএনপি নেতার অনুমতি ছাড়া কিছুই মিলছে না।”
তিনি আরও বলেন, “বিচারের নামে এখানে চলছে এক ধরনের রাজনৈতিক প্রভাব খাটানো। এটা সাধারণ নাগরিকের মৌলিক অধিকার হরণের শামিল।” শেলীর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়।
অন্যদিকে, আইনজীবী সমিতির অ্যাডভোকেট আব্দুল বাসেতসহ বিএনপি সমর্থিত আইনজীবীরা পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটি সম্পূর্ণ একটি নাটক। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদালতের পরিবেশ অশান্ত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করাই মূল লক্ষ্য।”
এই ঘটনার জেরে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসন ও বার কাউন্সিল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি।