খলিলুর রহমান রানা।।
আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে নরসিংদীর রায়পুরায় সংঘটিত ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ৫ জন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই নাজুক পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন।
জনগণের অংশগ্রহণে প্রতিবাদ ও সংহতি
উক্ত পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন। অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে সভায় উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়পুরা উপজেলা বিএনপি,জাহাঙ্গীর আলম, নিলক্ষা ইউনিয়ন বিএনপির সভাপতি আজগর আলী মোল্লা ও সাধারণ সম্পাদক আসন মিয়া এবং চর মধুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন।
এছাড়াও যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহমেদ মানিক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহিন মাস্টার, আলকাস, হুমায়ুন এবং সদস্য কামরুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় সংবাদকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ এই পরিদর্শন কার্যক্রমে অংশ নিয়ে এলাকায় চলমান অরাজকতা ও হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
শান্তি বজায় রাখতে কঠোর হুশিয়ারি
এলাকায় বিশৃঙ্খলা এড়াতে ও সন্ত্রাসীদের নির্মূলে এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন অত্যন্ত কঠোর ও দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "এলাকায় আর কোনো ধরনের অরাজকতা, অগ্নিসংযোগ, লুটপাট কিংবা চাঁদাবাজি বরদাশত করা হবে না। যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের জন্য আমার পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ বা কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তিনি আরও বলেন, “অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।”
এমপি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, কোনো দুষ্কৃতিকারীর প্ররোচনায় পড়ে কেউ যেন শান্তি নষ্ট না করেন। তিনি এলাকায় আইনের শাসন সুনিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। পরিদর্শনে উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এমপির এই কঠোর অবস্থানের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।