খলিলুর রহমান রানা।।
নরসিংদীর রায়পুরায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এছাড়া সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে গাছের চারাও বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার জনাব মোঃ আশরাফ উদ্দিন বকুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানা'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্যে তিনি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে কৃষি ও বৃক্ষরোপণ কর্মসূচির ওপর একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে বেশ আগ্রহ সৃষ্টি করে। উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।