নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের। সুমন মিয়া (২৭) নামের এক যুবক কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় আলোকবালী ইউনিয়নের বাখান নগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া ওই এলাকার হাজী বাতেন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলোকবালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে সুমন মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
বিস্তারিত তথ্য এবং পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে সংবাদটি পরবর্তীতে আপডেট করা হবে।