
রুবি আঞ্জুম নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে চার বছর বয়সী ছেলেকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক বাবা। এতে তারা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদীর আরশিনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।
আহত বাবার নাম আল আমিন (২৫)। তিনি নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার হাসেম মিয়ার ছেলে। আহত শিশুর নাম আরিয়ান।
[video width="360" height="640" mp4="https://meghenatv.com/wp-content/uploads/2026/08/E0A6A8E0A6B0E0A6B8E0A6BFE0A682E0A6A6E0A780E0A6A4E0A787E0A6B8E0A78DE0A6A4E0A78DE0A6B0E0A780E0A6B0E0A6B8E0A6BEE0A6A5E0A787E0A685E0A6ADE0A6BFE0A6AEE0A6BEE.mp4"][/video]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। স্বামীর মাদকাসক্তির কারণে কিছুদিন আগে স্ত্রী রুমি বেগম তাকে ছেড়ে চলে যান। যাওয়ার সময় সাড়ে চার বছর বয়সী ছেলে আরিয়ানকে আল আমিনের কাছে রেখে যান তিনি।
স্ত্রীকে সংসারে ফিরিয়ে আনার জন্য আল আমিন পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন। স্ত্রীকে পুনরায় সংসারে ফিরে আসার জন্য বারবার অনুরোধও করেন তিনি। সম্প্রতি রুমি স্বামীর সংসারে ফিরে আসার আশ্বাস দিয়েছিলেন। তবে শুক্রবার পর্যন্ত তিনি ফিরে না আসায় ক্ষুব্ধ ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন আল আমিন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আরশিনগর এলাকায় পৌঁছালে ছেলে আরিয়ানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দেন আল আমিন। ট্রেনের ধাক্কায় দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক বাবা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় আল আমিনের ডান পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। শিশু আরিয়ানের মাথায়ও গুরুতর আঘাত রয়েছে।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. মনির হোসেন বলেন, ‘বাবা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের দুজনের অবস্থাই গুরুতর।’
নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. নাজিম উদ্দিন বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে বাবা ও ছেলে আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।