নূর আহমেদ চৌধুরী মানিক নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা এলজিইডি অফিসের ইলেকট্রিশিয়ান মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে নিজের ফেসবুক আইডি থেকে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
অভিযুক্ত কর্মচারী মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর মন্তব্য করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সচেতন মহলের দৃষ্টিগোচর হলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ বিষয়ে রায়পুরা উপজেলা প্রকৌশলী মো. শাহাদত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি মেঘনা টিভিকে জানান, বিষয়টি আমার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। ইতোমধ্যে তাকে তাৎক্ষণিকভাবে কারণ দর্শানোর নোটিশ (সোকজ) প্রদান করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।