
খলিলুর রহমান রানা, নরসিংদী থেকে।
নরসিংদীতে এক কুয়েতপ্রবাসীর সংসার ভেঙে তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে জেলা জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এবং বিএনপি নেতা মো. নয়ন মোল্লার বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রবাসীর কষ্টার্জিত প্রায় ১ কোটি ১০ লাখ টাকা এবং ৩৫ ভরি স্বর্ণালংকারও ওই নারী সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তোলপাড় সৃষ্টি করা এই ঘটনায় অভিযুক্ত আইনজীবীকে অবশেষে এপিপির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেন ভুক্তভোগী কুয়েতপ্রবাসী মো. লুৎফর রহমান। তিনি জানান, তাঁর অবর্তমানে প্রবাসের জমানো সব সম্পদ ও স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে গেছেন আইনজীবী নয়ন মোল্লা। এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রবাসী লুৎফর রহমান নরসিংদী মডেল থানা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিলে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. নয়ন মোল্লা নিজেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
এদিকে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এক পাল্টা সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে আনীত যাবতীয় অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত আইনজীবী নয়ন মোল্লা। তবে এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও আইনজীবী মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
অভিযোগ ও পাল্টা অভিযোগের এই দ্বন্দ্বে জনমনে ক্ষোভের সৃষ্টি হলে শেষ পর্যন্ত প্রশাসনিক পদক্ষেপে নরসিংদী জজকোর্টের এ.পি.পি. (Assistant Public Prosecutor) পদ থেকে মো. নয়ন মোল্লাকে অব্যাহতি প্রদান করা হয়।