খলিলুর রহমান রানা নরসিংদী থেকে:
নরসিংদীর রায়পুরায় হত্যা ও মাদকসহ ১১ মামলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত হোসেন ওরফে ‘মিলিটারীর পুত সাখাওয়াত’-কে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সাখাওয়াত হোসেন (৩৫) রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের সিরাজ মিয়া ওরফে ‘মিলিটারী সিরাজের’ ছেলে। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানা ও রায়পুরা থানায় হত্যা, মাদক ও নারী নির্যাতনসহ মোট ১১টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল খলাপাড়া গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই সোহরাব হোসেন জানান, দীর্ঘদিন ধরে সাখাওয়াত এলাকায় ত্রাস সৃষ্টি করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ একাধিক গুরুতর অপরাধে ১১টি মামলা রয়েছে।
এদিকে এই শীর্ষ সন্ত্রাসীর গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, সাখাওয়াতের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। সে এলাকায় একচ্ছত্র ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।