শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামে মাটি কাটার গর্তে জমে থাকা পানিতে ডুবে মিথিলা (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মিথিলা কৃষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী। সে স্থানীয় কিশামত দুর্গাপুর ঝাউলার বাজার এলাকার হাবিবুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২১ মে/২৬ সকালে বাড়ির পাশের একটি মাটি কাটার গর্তে জমে থাকা পানির কাছে খেলতে গিয়েছিল শিশু মিথিলা। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা গর্তের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরাও এমন দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, বিভিন্ন এলাকায় মাটি কাটার পর সৃষ্ট গর্তগুলো দীর্ঘদিন খোলা অবস্থায় পড়ে থাকে এবং বর্ষা বা বৃষ্টির পানিতে তা বিপজ্জনক জলাধারে পরিণত হয়। এসব গর্ত দ্রুত ভরাট করা অথবা নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।