পঞ্চগড় সংবাদদাতা: তাপমাত্রা কমে ৮ এর ঘরে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় রেকর্ড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো। কয়েক দিন ধরে ১০ থেকে ১২ ঘরে তাপমাত্রা উঠানামা করলেও আজ এক লাফে ৮ ঘরে চলে এসেছে। এই তীব্র শীতে রাতভর ঝরেছে টিপটিপ বৃষ্টির মতো কুয়াশার শিশির। সকালে ঘন কুয়াশা, উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা অনুভূত হতে থাকে। রাত থেকে সকাল ৯ টা পর্যন্ত ভারি শৈতপ্রবাহের ঠান্ডার প্রকোপে বিপাকে পড়েছে সর্বসাধারণ মানুষ। খড়-কুটো আগুনে জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় প্রান্তিক জনপদের মানুষগুলোকে। কাঞ্চনজঙ্ঘা-হিমালয় পর্বত সন্নিকটে হওয়ায় উত্তরীয়-পূবালী ঠান্ডা বাতাসে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করেছে।
নিম্নমুখী তাপমাত্রার কারণে ঘরের বিছানা, মেঝে ও আসবাবপত্র বরফ হয়ে উঠছে। শীত দূর্ভোগে প্রচন্ড কষ্ট পাচ্ছে শিশু থেকে বয়োজৈষ্ঠ্যরা। বিপাকে নিম্ন আয়ের মানুষগুলো। শীতের তীব্রতার কারণে কাজে যেতে ভয় পাচ্ছেন দিন মজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক থেকে নানান পেশাজীবি মানুষগুলো। তারা জানাচ্ছেন, সন্ধ্যা থেকে সকাল ৯ টা পর্যন্ত বরফের মতো ঠান্ডা লাগে। ঠান্ডার কারণে কাজে যেতে পারছি না। তবে আজকে তাপমাত্রা দেশের সর্বনিম্ন হলেও ৯ টার পরে সূর্যের তাপমাত্রা লক্ষ্য করা গেছে
শীতের তীব্রতার কারণে বেড়েছে শীতজনিত নানান ব্যাধি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকগুলোতে ঘুরে দেখা গেছে জ্বর-সর্দি, কাশি, অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীদের ভিড়। চিকিৎসকরা জানিয়েছেন, আগের থেকে রোগী বেড়েছে। করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় আমরা রোগীদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছি।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিনের তুলানায় আজ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা কমলেও ৯ টার পরে সূর্য দেখা গেছে।
এর আগে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।