খলিলুর রহমান রানা, মেঘনা টিভি:
নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে।
জেলার রায়পুরা থানায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন ও ১টি মোটরসাইকেল উদ্ধারসহ ৩ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ছবি মেঘনা টিভি
প্রথম অভিযান: বাঘাইকান্দিতে অস্ত্র উদ্ধার ও গ্রেফতার ১
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানাধীন চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইসমাইল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে তার দুটি পৃথক বসতঘর তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ছবি: মেঘনা টিভি
দ্বিতীয় অভিযান: বাঘমারা সেতুতে চেকপোস্টে অস্ত্র ও মোটরসাইকেল জব্দ, গ্রেফতার ২ এর আগে, গত ১৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাতে রায়পুরা থানাধীন চর মরজাল এলাকার আড়িয়াল খাঁ নদীর ওপর বাঘমারা সেতুতে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে বিজয় মিয়া (২৩) নামের একজনের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ছবি: মেঘনা টিভি
পাশাপাশি অপরাধে ব্যবহৃত কালো রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়।এই ঘটনায় বিজয় মিয়া (২৩) এবং অপর আরোহী জুম্মন মিয়া (১৯) কে গ্রেফতার করা হয়। এ বিষয়েও রায়পুরা থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।