মোঃ খলিলুর রহমান রানা, মেঘনা টিভি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদীর রায়পুরা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মণ্ডপ পরিচালনা কমিটির হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দিয়েছেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক।
পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক ধর্মীয় পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার অভিপ্রায় ব্যক্ত করেন এবং সর্বস্তরের পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
শুভেচ্ছা সভায় নুর আহমেদ চৌধুরী মানিক বলেন, “’ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই উদার ও প্রগতিশীল চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উৎসবের এই আনন্দঘন মুহূর্ত আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সাম্য ও অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপির বলিষ্ঠ নেতৃত্বে রায়পুরার উন্নয়ন ও জনকল্যাণমুখী ধারায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
রায়পুরা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে প্রশাসনসহ সর্বস্তরের নাগরিকের সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।
এসময় মণ্ডপ পরিদর্শন ও সহায়তাদান কর্মসূচিতে রায়পুরা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।