দেশের ৬৪ জেলায় সরকারের বিভিন্ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মো. শরীফুল আলমকে নরসিংদী ও টাঙ্গাইল জেলার দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলাগুলোতে নিম্নলিখিত বিষয়গুলো তদারকি ও সমন্বয় করবেন:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও তদারকি,দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ,সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ,সরকারি উন্নয়নমূলক কার্যক্রমের সঠিক বাস্তবায়ন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিগত সরকারের সময়ে বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দের নামে ব্যাপক দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই তদারকি টিম গঠন করা হয়েছে।
সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধানের আলোকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এই নতুন দায়িত্বের ফলে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এখন থেকে নরসিংদী ও টাঙ্গাইল জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়কের ভূমিকা পালন করবেন।