রাজনৈতিক অঙ্গনে চলমান হীন অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমেছে নরসিংদী জেলা যুবদল। এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়ে সংগঠনটির সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ তার বলিষ্ঠ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে দলের আদর্শ ও সততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ছবি মেঘনা টিভি
সমাবেশে তিনি দৃঢ়কণ্ঠে উচ্চারণ করেন যে, স্বাধীনতা অর্জন করার চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কঠিন এবং এই গুরুদায়িত্ব পালনে যুবদলকে সর্বদাই আপসহীন থাকতে হবে। মহসীন হোসাইন বিদ্যুৎকে কেবল একজন দক্ষ সংগঠক হিসেবেই নয়, বরং একজন ত্যাগী নেতা হিসেবে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হতে দেখা যায়। রাজনীতির মাঠে তিনি ‘ফাঁকিজুঁকি’ বা শর্টকাটের ঘোর বিরোধী।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “রাজনীতিতে ফাঁকিজুঁকি করলে সাময়িক নেতা হওয়া সম্ভব, কিন্তু পরিশ্রম ও সততার সাথে দায়িত্ব পালন করলে তবেই প্রকৃত নেতৃত্বে থাকা যায়”।

ছবি মেঘনা টিভি
নেতাকর্মীদের নৈতিক মনোবল চাঙ্গা রাখতে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর পরিশ্রমের উদাহরণ তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে দিনে ১৮ ঘণ্টা সময় ব্যয় করছেন, যা প্রতিটি কর্মীর জন্য অনুপ্রেরণার উৎস।
মহসীন হোসাইন বিদ্যুতের ব্যক্তিগত রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রামের ইতিহাসও এদিন উঠে আসে।
তিনি বলেন, “আমি অনেক আন্দোলন করেছি, বহুবার গ্রেফতার হয়েছি”। রাজনৈতিক জীবনে ছয় বছর আট মাস কারাভোগের তিক্ত অভিজ্ঞতা থাকলেও তিনি কখনো পিছু হটেননি, যা তার অটল আদর্শের প্রমাণ দেয়। তিনি মনে করেন, অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় ভুল পথে পরিচালিত করতে পারে, তাই তিনি নেতাকর্মীদের সব সময় বিনয়ী ও সতর্ক থাকার আহ্বান জানান।
সবশেষে, তিনি জেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ব্যক্তিগত স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে দলের বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আজ দেশের মানুষ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা থেকে উত্তরণের জন্য সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা ছাড়া বিকল্প নেই”।