রুবি আঞ্জুম,নরসিংদী প্রতিনিধি:
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনের ঘটনায় নরসিংদী সদর উপজেলার নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
রোববার (১৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত ওই নোটিশে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নরসিংদী সদর উপজেলার নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে নিয়মবহির্ভূত কৌশল অবলম্বনের অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তের লক্ষ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন তথ্য ও নথিপত্র উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের নোটিশ অনুযায়ী, প্রতিষ্ঠানে ভর্তি করা শিক্ষার্থীদের তথ্য, নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীদের তথ্য, এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তথ্য এবং এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করা শিক্ষার্থীদের তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হবে। ফরম পূরণের ক্ষেত্রে শাখা পরিবর্তন, বিভাগ ও অতিরিক্ত শ্রেণি শাখার অনুমতিপত্রসহ সংশ্লিষ্ট নথিও চাওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, অভিযোগের কারণ ব্যাখ্যার জন্য প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হতে হবে। একই সঙ্গে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, শিক্ষা বোর্ডের এমন নোটিশের পর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের এসএসসি ফলাফল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শিক্ষা বোর্ডের ব্যাখ্যা তলবের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কী তথ্য ও নথিপত্র উপস্থাপন করা হয় এবং তদন্তে কী ধরনের তথ্য উঠে আসে—এখন সেটিই দেখার বিষয়।