নরসিংদী প্রতিনিধি:
জনস্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, চিকিৎসকদের বিভিন্ন সমস্যা ও জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নরসিংদী জেলা সদর হাসপাতালে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নরসিংদী জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা ড্যাবের সভাপতি ডা. এম এস এস হাসান আল জামী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (নরসিংদী সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
নরসিংদী জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বুলবুল কবীর, নরসিংদী জেলা ড্যাবের সহ-সভাপতি ডা. এ কিউ এম মোবিন এবং ডা. আব্দুল্লাহ আল মাসুদ।
মতবিনিময় সভায় জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা আরও কার্যকর করা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ উন্নয়ন, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জনসাধারণের জন্য মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, চিকিৎসক, প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে নরসিংদীর স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী – ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাত নিজেই রুগ্ন ছিলো। মেডিকেল যন্ত্রাংশ ক্রায়ের নামে লুটপাত করা হয়েছে। কমিশন দুর্নীতির জন্য বিভিন্ন যন্ত্রাংশ ইমপোর্ট করে দিনের পর দিন ফেলে রাখা হয়েছে। জাতীয়তাবাদী দল করার কারণে অনেকের পদায়ন হয়নি। ওএসডি করা হয়েছে অনেক ডাক্তারকে। লুটপাত, দূর্নীতি, দলীয়করণ ছিলো তদের মূল উদ্দেশ্য। দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে ধার করিয়ে দিয়ে গেছে। আজকে জনগনের ভোটে একটি গণতান্ত্রীক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একটি মানুষও যেনো বিনা চিকিৎসায় মারা না যায় সেটি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করতে চান। স্বাস্থ্যসেবাকে জনগনের দৌড়গোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যে তিনি নানা কর্মসূচি হাতে নিয়েছেন।