শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে যুবদলের উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে ধাপেরহাটের গোবিন্দপুর ফয়জে উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়।
ধাপেরহাট ইউনিয়ন যুবদলের নেতা ইঞ্জিনিয়ার ইসতিয়াকের আয়োজনে এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রকি মন্ডল টারজেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হাসান সামছুল,সদস্য সচিব আব্দুস সালাম মিয়া, গাইবান্ধা জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী আমজাদ হোসেন, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ধাপেরহাট ইউনিয়নের তিনটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসে সকল ভেদাভেদ ভুলে সমাজে ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতা গড়ে তোলার আহ্বান জানান তারা। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী ও নেতাকর্মীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
প্রসঙ্গত, পবিত্র রমজান মাস উপলক্ষে ধাপেরহাট ইউনিয়নে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে ধারাবাহিকভাবে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যা স্থানীয়ভাবে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ছবি মেঘনা টিভি

ছবি মেঘনা টিভি